সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর ৬ নম্বর এলাকা থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ব্যারিস্টার সুমন বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে মিরপুর ও আদাবর থানায় দুটি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রাত দেড়টার কিছু পরে নিজের ভেরিফায়েড ফেসবুক একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। পোস্টে সুমন লেখেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

ব্যারিস্টার সুমন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর সরকারের সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি আমলা, পুলিশ, সাংবাদিকসহ ৭৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রাজধানীর মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে তাকে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলে পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম।

আজই এই রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদেশ দেবেন আদালত। এর আগে সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই হৃদয় জুম্মার নামাজ আদায় করে মিরপুর-১০ নম্বরেএলাকায় গিয়ে গুলিবিদ্ধ হন। তিনি হবিগঞ্জের মাধবপুর ১০ নং হাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি। এ ঘটনায় করা মামলায় তিনি ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি ব্যারিস্টার সুমন।